May 16, 2026, 4:22 pm


শেহাব উদ্দিন আহমেদ টিপু, নোয়াখালী 

Published:
2026-05-16 15:10:57 BdST

নোয়াখালীর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু


 নোয়াখালীর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত হাজতির নাম মো. হুমায়ুন কবির ওরফে মাঈনউদ্দিন (৩৫)। তিনি জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে। চুরির একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি নোয়াখালী জেলা কারাগারে আটক ছিলেন।

শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে, সন্ধ্যা ৭টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই ঘটনায় স্বজনরা চিকিৎসা অবহেলার অভিযোগ তুললেও কারা কর্তৃপক্ষ বলছে, অসুস্থ হওয়ার পরপরই তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল।

জানা গেছে, গত ১৯ এপ্রিল একটি চুরির মামলায় চাটখিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার পর তার শরীরে আঘাতের কিছু চিহ্ন দেখতে পান সংশ্লিষ্টরা।

কারাগার সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের আগে হুমায়ুন কবির হঠাৎ বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতা অনুভব করেন। পরে কারা মেডিক্যালে তার প্রাথমিক পরীক্ষা ও ইসিজি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বিকেল সাড়ে ৩টার দিকে তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃতের স্বজনদের অভিযোগ, কারাগারে অসুস্থ হওয়ার পর যথাসময়ে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হয়নি। চিকিৎসায় অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা।

তবে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আবদুল বারেক অভিযোগ অস্বীকার করে বলেন, নিহত হাজতি বাইরে মবের শিকার হয়েছিলেন।  কারাগারে অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কারা কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.