32401

04/02/2026

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মাসব্যাপী 'হিসাব কর্মসূচি'র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | Published: 2026-04-02 02:36:53

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১ এপ্রিল ২০২৬, বুধবার থেকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব খোলা বিষয়ক ক্যাম্পেইন শুরু হয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শওকাতুল আলম প্রধান অতিথি হিসেবে ব্যাংকের কর্পোরেট শাখায় এই ক্যাম্পেইনের উদ্ভোধন করেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ মোকসুদুজ্জামান।

অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সহযোগী প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বিশ্বজিৎ কুমার দে, মুহাম্মদ আনছারুল কবির ও মোহাম্মদ ফয়সল খান, সহযোগী প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ ওমর ফারুকসহ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শওকাতুল আলম বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামী ব্যাংক। এই ব্যাংকে গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। আতঙ্কিত না হয়ে এই ব্যাংকে আস্থার সাথে নির্বিঘ্নে লেনদেনসহ সকল ধরণের ব্যাংকিং সেবা গ্রহণে গ্রাহকদের আহ্বান জানান। এসময় তিনি ব্যাংকের সকল কর্মকর্তাদের আরও আন্তরিক ও মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

সভাপতির বক্তব্যে মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, গ্রাহকরাই ব্যাংকের চালিকাশক্তি। সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে গ্রাহকদের অধিকতর সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দেশব্যাপী ব্যাংকের সকল শাখা ও উপশাখায় গ্রাহকদের অতি সহজে চলতি ও সঞ্চয়ী হিসাব খোলার ব্যবস্থা করা হবে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81