02/08/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-08 14:55:43
আপনার ভোটকেন্দ্র কোথায়? জেনে নিন ৪টি সহজ উপায়ে
আবদুর রহিম, স্টাফ রিপোর্টার
ঢাকা | ০৮ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ভোটের দিন ঘনিয়ে এলেও অনেক ভোটার এখনো জানেন না তাদের ভোটকেন্দ্র কোনটি। ভোটারদের এই সমস্যা সমাধানে নির্বাচন কমিশন (ইসি) চারটি সহজ পদ্ধতি চালু করেছে। ঘরে বসেই খুব সহজে আপনি আপনার ভোটকেন্দ্রের তথ্য জেনে নিতে পারবেন।
ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার ৪টি উপায় নিচে তুলে ধরা হলো:
১. অ্যাপের মাধ্যমে (Smart Election Management BD)
স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন। অ্যাপে ঢুকে জন্মতারিখ ও এনআইডি নম্বর দিয়ে তথ্য দিন। এরপর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করলেই আপনার কেন্দ্রের নাম, ঠিকানা ও ভোটার নম্বর দেখা যাবে।
২. এসএমএস (SMS)-এর মাধ্যমে
যেকোনো মোবাইল ফোন থেকে খুব সহজেই এসএমএস করে কেন্দ্রের তথ্য জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: PC এরপর স্পেস দিয়ে NID নম্বর লিখুন (উদাহরণ: PC 1234567890)। এরপর পাঠিয়ে দিন ১০৫ নম্বরে। ফিরতি মেসেজে আপনার নাম, ভোটকেন্দ্র এবং ভোটার নম্বর জানিয়ে দেওয়া হবে।
৩. হটলাইন (১০৫) নম্বরে কল করে
সরাসরি কথা বলে তথ্য জানতে চাইলে কল করুন নির্বাচন কমিশনের হটলাইন নম্বর ১০৫-এ। কল করার পর ৯ চাপলে অপারেটরের সঙ্গে কথা বলা যাবে। এ জন্য আপনার এনআইডি নম্বর ও জন্মতারিখ হাতের কাছে রাখতে হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে।
৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট
নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট থেকেও তথ্য জানা যাবে। ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করুন। সেখানে এনআইডি নম্বর ও জন্মতারিখ দিলে আপনার কেন্দ্রের তথ্য চলে আসবে। এছাড়া ওয়েবসাইটের গুগল ম্যাপ ফিচারের মাধ্যমে আপনি বাসা থেকে কেন্দ্রের দূরত্ব এবং যাওয়ার পথও দেখে নিতে পারবেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একইসাথে জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। নির্বিঘ্নে ভোট দিতে আগেই নিজের কেন্দ্র জেনে নেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81