02/08/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-08 12:39:41
শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো অগ্রগতি না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে ইনকিলাব মঞ্চ এক সপ্তাহ থেকে সরকারের কাছে অগ্রগতি জানতে চাইলেও সরকারের পক্ষ থেকে কিছু বলতে পারেনি। সরকার দেখেও না দেখার ভান, শুনেও না শোনার ভান করেছে। লোক দেখানো জানাযা ছাড়া সরকার আর কিছু করেনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘র্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচির সমাবেশে তিনি এসব কথা বলেন।
আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, সরকার ন্যাক্কারজনকভাবে জলকামান নিয়ে দোয়ারত অবস্থায় থাকা আন্দোলনকারীদের ওপর হামলা করল। পুলিশ বুট দিয়ে বুকের ওপর লাথি মারল। জাবের, জুমা, রনিসহ ৩০ জন আহত হলো। ধিক্কার এই সরকার ও প্রশাসনের প্রতি।
নিরাপত্তা ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এভাবে আমাদের কিলিং জোনে ঠেলে দেওয়া হচ্ছে। এজন্য সরকার দায়ী। সরকারের একটি মহল নির্বাচন বানচালের জন্য এই তৎপরতা চালিয়েছে। এটার তদন্ত করতে হবে। হাদি হত্যার বিচারটা হচ্ছে না এর পিছনে গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে।
রাজনৈতিক পরিস্থিতি ও তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, সরকার তারেক রহমানকে ভয় পাচ্ছে। ভয় পেয়ে সরকার ব্যালেন্স হারিয়ে ফেলছে। যার কারণে সরকার একবার এদিকে হামলা করে একবার ওদিকে হামলা করে। সরকারকে বলব— তারেক রহমান একজন কাগুজে বাঘ। আসল বাঘ হচ্ছেন ইনকিলাব মঞ্চের ভাইয়েরা। তারেক রহমানের বেলুনে একটা সুই দিলেই ফুস হয়ে যাবে। ড. ইউনূসকে বলব— ভয় পাবেন না। ভয় পেয়ে আপনি লন্ডনে চলে গিয়েছিলেন। তার সাথে চুক্তি করেছিলেন।
নির্বাচন কমিশন ও ছাত্রদল প্রসঙ্গে তিনি আরও বলেন, ছাত্রদলকে দিয়ে ইলেকশন কমিশনের সামনে মব করিয়ে নির্বাচনের নামে সিলেকশনের চেষ্টা হচ্ছে। তারেক রহমানকে সিলেকশন করে আনা হচ্ছে।
সন্ত্রাসীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের কেউ মারা গেলে আমরা তাদের কবরের ওপরে লিখব চাঁদাবাজ ও সন্ত্রাস। যেমনটা মীরজাফরের কবরে লেখা আছে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81