31577

02/07/2026

দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা ঐতিহাসিক : ড. এম এ কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-07 11:32:52

ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেছেন, বিএনপি সবসময় জনগণের দল ছিল এবং থাকবে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ঐতিহাসিক ভূমিকা রয়েছে। 

তিনি বলেন, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি সেই জোয়ার বিজয়ে রূপ নেবে। দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে, কিন্তু একটি বিশেষ দল আবারও সেই অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারী) রাজধানীর ভাটারা-বারিধারা এলাকায় বিভিন্ন দল থেকে বিএনপিতে যোগদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কাইয়ুম বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বপ্ন দেখছে। এই সুযোগ নষ্ট করতে নানা অপচেষ্টা চলছে। এ বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই, কিন্তু তাদের দোসররা এখনও সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে। তাই গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।

ঢাকা-১১ আসনের উন্নয়ন প্রসঙ্গে বিএনপির এই প্রার্থী বলেন, সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এই আসনকে একটি আদর্শ এলাকায় পরিণত করা হবে। যেখানে থাকবে না মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দখলবাজি। মানুষের নিরাপত্তা ও শান্তিই হবে আমাদের প্রধান অগ্রাধিকার।

প্রতিহিংসার রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, গায়েবি মামলা, মিথ্যা মামলা এবং রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। ঢাকা-১১ আসনে এসব আর চলবে না-এটাই আমার প্রতিশ্রুতি। রাজনীতি হবে জনগণের জন্য, প্রতিশোধের জন্য নয়।

ড. এম এ কাইয়ুম আরও বলেন, জুলাই আন্দোলন ও শহীদ ওসমান হাদি কোনো একটি দলের একক সম্পত্তি নয়। এগুলো দেশের সকল মানুষের। কেউ যদি এগুলোকে নিজেদের সম্পত্তি মনে করে, তাহলে তা ভুল। এই আন্দোলন জনগণের, দেশের মানুষের। 

বিএনপিতে নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, নতুন যারা দলে যুক্ত হয়েছেন, তারা আমাদের শক্তি। ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

তিনি আরও বলেন, দেশের তরুণরাই আগামীর বাংলাদেশ। যারা বিএনপির আদর্শে বিশ্বাস করে দলে যুক্ত হয়েছে, তাদের শক্তিকে কাজে লাগাতে হবে। কারণ তারাই ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলবে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81