02/05/2026
শাহীন আবদুল বারী | Published: 2026-02-05 10:33:06
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে টাঙ্গাইল–৫ (সদর) আসনে কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। এলাকাজুড়ে নিজস্ব পরিচিতি এবং জনসংযোগের নিত্ত নতুন কৌশল নিয়ে তিনি ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। দিনরাত ভোটারদের সঙ্গে সরাসরি আলাপ, সমস্যার কথা শোনা এবং সমাধান ও উন্নয়নের অঙ্গীকার, এই সব মিলিয়ে তার নির্বাচনী কর্মপরিকল্পনা এখন সক্রিয়ভাবে চোখে পড়ছে।
টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন ও পরিবর্তনকে লক্ষ্য করে সুলতান সালাউদ্দিন টুকু সম্প্রতি নিজের ২৩ দফা উন্নয়ন পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছেন। এছাড়া, তিনি নিশ্চিত করেছেন যে জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ও স্থানীয় উন্নয়নের সমন্বয় ঘটানো হবে। তার এই অঙ্গীকার ভোটারদের মধ্যে নতুন করে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ করতে ‘জনতার সংযোগ’ ফোন বুথ উদ্বোধন করছেন সুলতান সালাউদ্দিন টুকু। এই বুথের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবে। সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার যেকোনো সমস্যা, অভিযোগ বা প্রয়োজন সহজে জানানো যাবে।
জানা গেছে, সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে টাঙ্গাইল–৫ আসনে মোট ৩০টি ফোন বুথ স্থাপন করা হবে। এর মধ্যে ১২টি ইউনিয়নে ১২টি বুথ এবং পৌরসভার ১৮টি ওয়ার্ডে ১৮টি বুথ থাকবে। ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড পর্যায়ে এই বুথগুলো স্থাপন করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই সেখানে পৌঁছাতে পারেন।
স্থানীয়রা বলছেন, এই ধরনের সরাসরি সংযোগের উদ্যোগ জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দাইন্না ইউনিয়নে ফোন বুথ উদ্বোধনের সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অনেকে বলেন আমাকে নাকি সহজে পাওয়া যাবে না। সেই অভিযোগ দূর করতেই এই উদ্যোগ। প্রতিটি বুথে একটি টেলিফোন থাকবে। একটি বাটন চাপলেই আমার ফোনে কানেক্ট হবে। যেকোনো মানুষ যেকোনো বিষয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। নির্বাচনের পর আর কারও মাধ্যমে আমার কাছে আসতে হবে না।
তিনি আরও যোগ করেন, আমাকে নির্বাচিত করলে আপনাদের সমস্যা জানাতে দূরে যেতে হবে না। নিজের ইউনিয়নে বসেই আপনারা আমাকে পাবেন ইনশাল্লাহ। তাই আপনারা আমার জন্য কয়েকটি দিন কাজ করুন, আমি আগামী পাঁচ বছর আপনাদের সেবায় নিয়োজিত থাকব কথা দিলাম।
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ইতিমধ্যেই ঘোষণা করেছেন, তিনি টাঙ্গাইলকে নিরাপদ, মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং উন্নত মডেল নগর হিসেবে গড়ে তুলতে চান। এছাড়া, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষিত যুবকদের জন্য নতুন সুযোগ তৈরি করাও তার নির্বাচনী অঙ্গীকারের মূল অংশ।
ভোটাররা তাকে শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে দেখছেন না; তারা মনে করেন, টুকু একজন জাতীয় নেতা এবং জিয়া পরিবারের বিশ্বস্ত সৈনিক। তাই টাঙ্গাইলের নির্বাচনী জনসভায় নিজে সরাসরি বক্তব্য না দিয়েই তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে স্থানীয় মানুষের পক্ষ থেকে সাতটি দাবি উপস্থাপন করেছেন। এই দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তারেক রহমান।
স্থানীয়রা বলছেন, সদর ও চরবাসীর উন্নয়নে সুলতান সালাউদ্দিন টুকুর মতো নেতৃত্ব অন্য কেউ দিতে পারবে না। নির্বাচিত হলে তিনি টাঙ্গাইলকে আধুনিক ও সমৃদ্ধশালী নগরে পরিণত করবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81