31470

02/04/2026

টাঙ্গাইলকে ‘মডেল জেলা’ গড়তে অঙ্গীকারবদ্ধ টুকু

শাহীন আবদুল বারী | Published: 2026-02-03 19:29:47

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল–৫ (সদর) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এই আসনের প্রার্থীরা ও তাঁদের নেতা-কর্মীরা।

উঠান বৈঠক, মতবিনিময় সভা, সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সকল প্রার্থী। ভোটারদের কাছ থেকে নানা সমস্যা ও সংকটের কথা শুনছেন এবং সমাধানে কাজ করার আশ্বাস দিচ্ছেন সব প্রার্থীই।

টাঙ্গাইল-৫ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক শক্তি ও মাঠপর্যায়ের সক্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। তার নির্বাচনী প্রচারণাকে ঘিরে পুরো আসনজুড়ে চলছে জমজমাট রাজনৈতিক তৎপরতা ও আড্ডা।

তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন ও পরিবর্তনের লক্ষ্যে নিজের ২৩ দফা উন্নয়ন পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরছেন সুলতান সালাউদ্দিন টুকু। তার উন্নয়নের অঙ্গীকার প্রকাশ করার প্রেক্ষিতে ভোটারদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১২টি ইউনিয়নকে একটি নিরাপদ, মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও উন্নত ‘মডেল টাঙ্গাইল’ হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনার কথাও জানান তিনি।

অবকাঠামোগত উন্নয়ন

টুকুর ঘোষিত ২৩ দফা উন্নয়ন অঙ্গীকারের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে- যমুনা নদীর স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন রোধ, মাহমুদনগরে একটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ, টাঙ্গাইলকে সম্পূর্ণ মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা এবং টাঙ্গাইলকে শিক্ষার নগরীতে রূপান্তর।

গত ৩১ জানুয়ারি এক নির্বাচনী জনসভায় সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল সদরের উন্নয়নে সাত দফা দাবি তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে। জনসভায় তারেক রহমান টুকুর উত্থাপিত দাবি গুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাত দফা দাবির সঙ্গে ২৩ দফা উন্নয়ন অঙ্গীকার যুক্ত হওয়ায় টাঙ্গাইলের উন্নয়ন ইস্যু নতুন মাত্রা পেয়েছে। টুকু ক্রমেই মানুষের আস্থা অর্জনে সক্ষম হচ্ছেন। তার জনপ্রিয়তা বেড়েই চলছে। আগামী ১২ ফেব্রুয়ারী টুকুকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমান এর হাত শক্তিশালী করবে টাঙ্গাইল সদরের মানুষ।

স্বাস্থ্য খাত

স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা এবং শহর ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতিও রয়েছে টুকুর অঙ্গীকারে।

কর্মসংস্থান সৃষ্টি

যুব সমাজকে অগ্রাধিকার দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, যুব উন্নয়নে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ, আইটি সেক্টরে বিনিয়োগ বৃদ্ধি এবং ভাষা দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং ব্যবসা সহজীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন

নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। একই সঙ্গে সবুজ পরিবেশ গঠন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সামাজিক নিরাপত্তা

বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে দরিদ্র ও অসহায় পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড বিতরণ এবং কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়ার কথাও জানান বিএনপির এই নেতা।

পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা প্রদান, সবার জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা এবং নাগরিক সেবা সহজ করতে ‘ওয়ান কল সার্ভিস’ চালুর অঙ্গীকার করেন তিনি।

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা

চাঁদাবাজমুক্ত টাঙ্গাইল গড়া ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে টাঙ্গাইলকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত জনপদে রূপান্তর করা হবে। এজন্য আগামী ১২ ফেব্রুয়ারী টুকুকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে যাবার সুযোগ করে দিতে হবে বলে আশা ব্যক্ত করেন টাঙ্গাইল সদরের জননন্দিত নেতা সুলতান সালাউদ্দিন টুকু।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81